আল-আকসার ঘটনায় ইসরায়েলকে সতর্ক করল হামাস
- আপডেট সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৭১ বার পড়া হয়েছে
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবার (১৫ এপ্রিল) ভোরবেলা অভিযান চালানোর পর ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ। ওই অভিযানে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়। খবর আল আরাবির।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, হানিয়াহ আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য রাজনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে।
গাজা-ভিত্তিক ইসলামপন্থী গোষ্ঠীটি বলছে যে, হানিয়াহ মিশরীয় গোয়েন্দা কর্মকর্তাদের শুক্রবার ইসরায়েলের অভিযানের দিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন। রমজান মাস শুরু হওয়ার পর ওই পবিত্র স্থানে এটি প্রথম বড় ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনা।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ডের কাছ থেকে একটি কলও পেয়েছেন হানিয়াহ। তিনি সব পক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন।
ওই ফোনালাপের সময় আল-আকসা মসজিদে প্রার্থনাকারীদের হয়রানি বন্ধ করতে এবং সাম্প্রতিক অন্যান্য অভিযানে গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের মুক্তি দিতে এবং আল-আকসায় উসকানিমূলক কুরবানি প্রতিরোধ করতে ইসরায়েলকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
























