আ.লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হবেই, ’৭৪ সালেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল : রিজভী
- আপডেট সময় : ০৮:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হবেই। ১৯৭৪ সালেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন কোথাও যুদ্ধ ছিল না। দেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি-দুর্ভিক্ষ আর আওয়ামী লীগ সমার্থক।
সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, রাষ্ট্রের বারোটা বাজিয়ে এখন আপনি জনগণকে উপদেশ দিচ্ছেন ভেন্নার তেল দিয়ে কুপি ও হারিকেন জ্বালানোর প্রস্তুতি নিতে। সামনের দিনে বিদ্যুৎ-গ্যাস দিতে পারবেন না। টাকা দিয়েও খাবার মিলবে না। লুটপাট করে তার রাজভাণ্ডা শেষ।
তিনি বলেন, আমদানি করার মতো ডলার নেই। আওয়ামী লীগের উন্নয়ন ভেসে গেছে বঙ্গোপসাগরে। ১৪ বছর দেশ চালিয়ে দেশটাকে ভেন্না গাছে তুলে এখন তাদের বাচাল গল্পবাজ মন্ত্রীরা আর ইউরোপ আমেরিকা সিংগাপুরের গল্প শোনায় না।
দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনগণের বাঁধভাঙ্গা উত্তাল স্রোত দেখে সরকারের নেতা-মন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, জনগণ আর ঘরে বসে বসে মাফিয়া সরকারের হাতে অসহায়ের মতো জান-মাল হারাতে চায় না। জনগণ এবার আটঘাট বেঁধে শেষ প্রস্তুতি নিয়েই সব বাধা উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। তারা শ্লোগান তুলেছে, ‘হঠাও মাফিয়া বাঁচাও দেশ- টেক ব্যাক বাংলাদেশ।’ আর রাজপথে জনগণের বাঁধভাঙ্গা উত্তাল স্রোত দেখে নিশিরাতের সরকারের নেতা-মন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে। মাত্র দুইটি গণসমাবেশ অবলোকন করেই সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
























