ইউক্রেনে আর বিনামূল্যে ইন্টারনেট দিবে না ইলন মাস্ক
- আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে রাশিয়ার হামলায় দিক-বিদিক হয়ে পড়ে ইউক্রেন। এমন পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে আসে টেসলার প্রধান ইলন মাস্ক। তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনকে বিনা মূল্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান। এ ইন্টারনেট সেবার পুরো খরচ ব্যয় করেছে স্পেসএক্স। কিন্তু এখন আর বিনা মূল্যে এ সেবা চালানো সম্ভব না বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসি।
এ জন্য প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়।
কয়েক দিন আগে রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে প্রস্তাব দেন ইলন মাস্ক। এবার তিনি জানালেন ইউক্রেনে বিনামূলে ইন্টারনেট সংযোগ না দেওয়ার কথা।
বর্তমানে স্পেসএক্সকে ইউক্রেনে সেবা দিতে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন তিনি।
ইন্টারনেট সেবা চালু রাখতে তিনি মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্যের কথা জানিয়েছেন। যদি এ সহযোগিতা না করা হয় তাহলে ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।
ইলন মাস্কের ইন্টারনেট ব্যবহার করে সুবিধা পেয়েছেন বেসামরিক নাগরিক এবং ইউক্রেনের সেনারা। এ সেবা ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন সাফল্য পেয়েছেন তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাখাইলো পোদলায়েক বলেছেন, তারা এ সমস্যা সমাধানে একটি উপায় বের করতে পারবেন। কিন্তু উপায় বের হওয়ার আগ পর্যন্ত যেন স্পেসএক্স তাদের সেবা অব্যাহত রাখে।
পেন্টাগনের কাছে ইলন মাস্ক গত সেপ্টেম্বরে চিঠিটি পাঠিয়েছেন। সিএনএনের হাতে সেই চিঠি আছে। চিঠিতে বলা হয়েছে, স্টারলিঙ্ক এতো দিন সেবা দেওয়ার জন্য কোনো তহবিল চায় না। স্পেসএক্স বলেছে, বছরের বাকি সময়ের জন্য ১২০ মিলিয়ন ডলারের বেশি খরচ হবে। পরবর্তী ১২ মাসের জন্য ৪০০ মিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হতে পারে।


























