ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র-ন্যাটো জড়ালে পরিণতি হবে ভয়াবহ: মস্কো
- আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অংশ নিলে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২ মার্চ) জেনেভায় নিরস্ত্রীকরণবিষয়ক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ শান্তি আলোচনার প্রস্তাব দিলেও এ বিষয়ে ইতিবাচক কোনো অগ্রগতি নেই।
এ অবস্থায় ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অংশ নিলে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে, পারমাণবিক শক্তিধর দেশগুলো সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বর্তমান অবস্থান, তীব্র কৌশলগত হুমকি তৈরি করেছে। এতে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার শঙ্কা বাড়ছে। তেমনটা হলে এর ফল হবে বিপর্যয়কর।
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রুশ ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির ব্রায়ানস্ক সীমান্তে এ হামলা হয় বলে দাবি করেন অঞ্চলটির গভর্নর। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের একটি নাশকতাকারী গৌষ্ঠী রুশ সীমান্তে প্রবেশ করে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায় বলে জানান তিনি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।
রাশিয়ার প্রতি নিউ স্টার্ট চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। এ সময় আবারও চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তার অভিযোগ তুলে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, ইউক্রেন ইস্যুতে চীনের উচিত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পথ অনুসরণ করা। কিন্তু শেষ পর্যন্ত এটি তাদের সিদ্ধান্ত। তবে আমি তাদের সঠিক পথ অনুসরণের অনুরোধ করছি। অন্যথায় নিষেধাজ্ঞা দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।
জাপোরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


























