ইমরানের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলল পাকিস্তান সেনাবাহিনী
- আপডেট সময় : ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
সামরিক বাহিনীর বিরুদ্ধে ইমরান খানের তোলা অভিযোগ ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে হত্যায় সেনাবাহিনী জড়িত এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৪ নভেম্বর) এ কথা জানায় পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ। খবর দ্য ডন’র।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পিটিআই প্রধান এবং দলের সিনিয়র নেতাদের বহনকারী কনটেইনারটি যখন ওয়াজিরাবাদের আল্লাহওয়ালা চকে পৌঁছায় তখন হামলার শিকার হন ইমরান খান। আগাম নির্বাচনের দাবিতে পিটিআইয়ের এই ‘হকিকি আজাদি’ মিছিলে হামলার ঘটনায় ইমরান ছাড়াও সাত জন আহত হন। আর মৃত্যু হয় একজনের।
ইমরান খান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা তাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। এজন্য তাদের পদত্যাগের দাবিও জানিয়েছেন পিটিআই প্রধান। হত্যাচেষ্টার পর শুক্রবার (৪ নভেম্বর) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ইমরান ওয়াজিরাবাদে হামলার বর্ণনা দেন। তিনি বিশেষ করে সেনাবাহিনীর প্রধান (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়াকে তার প্রতিষ্ঠানে থাকা ‘কালো ভেড়াদের’ জবাবদিহিতার জন্য অনুরোধ করেছিলেন।
ইমরানের ভাষণের কয়েক ঘণ্টা পর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী বিশেষ করে একজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে পিটিআই চেয়ারম্যানের ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য এবং অযাচিত।
এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী একটি অত্যন্ত পেশাদার এবং সুশৃঙ্খল সংগঠন হিসেবে গর্বিত। এছাড়া যদি কেউ কোনো অপরাধ করে সেজন্য একটি শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর অভ্যন্তরীণ জবাবদিহিতা ব্যবস্থা রয়েছে।


























