ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিলো ইরান
- আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার (১৮ এপ্রিল) হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে ছোট পদক্ষেপ’ও নেয় তবে তার দেশের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তু করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইরানের পারমাণবিক সক্ষমতার লাগাম টেনে ধরার জন্য একটি চুক্তি নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে। তেহরান বলছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে। কিন্তু ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ চুক্তির বিরোধিতা করে বলেছে যে, এটি ইরানের পারমাণবিক কর্মসূচি বা সমগ্র অঞ্চলজুড়ে তার সামরিক তৎপরতা রোধে যথেষ্ট নয়। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে, তারা একতরফাভাবে তাদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করবে।
ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তৃতার সময় রাইসি সরাসরি ইসরাইলকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। তেল আবিবকে লক্ষ্য করে রাইসি বলেন, যদি ইসরায়েল ইরানের জাতির বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপও নেয়, তাহলে ইহুদিবাদী শাসনের কেন্দ্র হবে আমাদের সশস্ত্র বাহিনীর গন্তব্য। এ বিষয়ে বিস্তারিত জানাননি রাইসি। তবে বলেছেন যে, ইসরায়েলের যেকোনো পদক্ষেপ ‘ঘনিষ্ঠভাবে’ পর্যবেক্ষণ করছে ইরান।
রাইসি বলেন, ইরানের সামরিক বাহিনী কাউকে আটকানোর ক্ষমতা রাখে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির ওপর বছরের পর বছর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেনাবাহিনী তাদের সক্ষমতা উন্নত করতে সক্ষম হয়েছে। সোমবারের কুচকাওয়াজে জেট ফাইটার, হেলিকপ্টার, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি সামরিক ট্যাংক, মিসাইল এবং নৌযান প্রদর্শন করা হয়।
























