এই মুহূর্তে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
ইরান-ইসরাইল সংঘাতের প্রভাব দেশে কিছুটা পড়বে, তবে এই মুহূর্তে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে নৌপথে পরিবহনের খরচ বাড়বে। যুদ্ধের যে অবস্থান সেটি নৌপথের কাছাকাছি, সেটি যদি বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহনের খরচ বাড়বে। দাম বাড়ার একটা প্রভাব দেশে পড়বে। তবে এটি দুই-চার দিন, পাঁচ দিন বা পনেরো দিনের মধ্যে এইরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নেই। সুতরাং দ্রব্যে মূল্য বাড়ার এই মুহূর্তে কোনো শঙ্কা নেই।’
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সরকার ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করেছে। এছাড়াও যতগুলো নির্বাচনী অঙ্গীকার দেওয়া হয়েছে সবগুলো বাংলাদেশের উন্নয়নের। সবগুলো উন্নয়নকে টার্গেট করেই পরিকল্পনা গুলো নেওয়া হয়েছে। এর প্রত্যেকটি অঙ্গীকার আমরা আমাদের মেয়াদের মধ্যেই বাস্তবায়ন করব ইনশাল্লাহ। যাতে বাংলাদেশের আপামর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে।’
জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭টি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য নাসির চৌধুরী, কলিম উদ্দিন আহমদ, মোহাম্মদ কয়ছর আহমেদ, কামরুজ্জামান কামরুল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।















বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই