করোনায় আক্রান্ত ৭১ জনের ৬৮ জনই ঢাকার
- আপডেট সময় : ১১:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ৮১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১২ দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১৩১ জন। তবে গত আট দিন যাবৎ করোনা শনাক্ত বেড়েই চলেছে। শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকারই ৬৮ জন বাকি তিনজন কক্সবাজারের বাসিন্দা। গতকাল শুক্রবার (১০ জুন) ৬৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। তার মধ্যে ঢাকারই ৫৫ জন ছিল। এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৫৪ হাজার ৬ জনের শরীরে শনাক্ত হয়েছে।
এদিকে গত ৩ তারিখ থেকে প্রতিদিন বেড়ে চলেছে করোনা নতুন শনাক্ত। গতকাল (১০ জুন) করোনায় নতুন শনাক্ত হয়েছিল ৬৪ জন; ৯ জুন ৫৯ জন; ৮ জুন ৫৮ জন; ৭ জুন ৫৪ জন; ৬ জুন ৪৩ জন; ৫ জুন ৩৪ জন; ৪ জুন ৩১ জন এবং ৩ জুন ২৯ জন নতুন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২২৫টি নমুনা। শনাক্তের হার ১.১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪৯৪টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.৫০ শতাংশ। আর শনাক্তের মধ্যে শতকরা মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

























