কাল দেশের ৫৭টি জেলা পরিষদে ভোট
- আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
কাল সোমবার (১৭ই অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ৬১ জেলা পরিষদে ভোট হবার কথা থাকলেও ২ জেলায় সব পদে একক প্রার্থী আরো দুই জেলার ভোট বন্ধ করেছে আদালত। ২৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনাভোটে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হয়েছেন ৮৫ জন। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন ২২শ’র বেশি প্রার্থী। ভোটকক্ষ মনিটরিং করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে, এছাড়া মোবাইল নিয়ে কেউ ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ৬১ জেলা পরিষদে ভোট হবার কথা থাকলেও ভোটগ্রহণ হবে ৫৭ জেলায়। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছেনা ফেনী ও ভোলা জেলায়। আর আদালতের আদেশে ভোট বন্ধ আছে নোয়াখালী ও চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত ২৬ জন। এছাড়া একক প্রার্থী থাকায় সংরক্ষিত সদস্য ১৯ জন ও সাধারণ সদস্য ৬৬ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬শ ২২ জন আর সাধারণ সদস্য পদে ১৫শ ১৩ জন।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৪শ ৬৩ টি, সংরক্ষিত ওয়ার্ড ১শ ৭২ টি। ভোটকেন্দ্র ৪শ ৭৭টি আর ভোটকক্ষ ৯শ ৫৫টি। মোট ভোটার ৬৩ হাজার ১শ ৫৯ জন।
সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে৷ এসব সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনে স্থাপিত মনিটরিং কক্ষ থেকে সরাসরি ভোট পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
ভোটকক্ষের গোপনীয়তা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার, পোলিং এজেন্টসহ অন্য কোন ব্যক্তি কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।
























