ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
- আপডেট সময় : ০২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ককে আটকের পরিকল্পনা করছে দেশটির সরকার। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অর্জুন রানাতুঙ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল আদালতকে জানানো হয়েছে, দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, অর্জুনা রানাতুঙ্গা ও তাঁর ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। এর ফলে তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি।
কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে জানায়, অর্জুন বর্তমানে বিদেশে রয়েছেন এবং দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
এদিকে আটক হয়েছিলেন অর্জুন রানাতুঙ্গার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা। পরে তিনি জামিনে মুক্তি পান। অর্জুন মন্ত্রী থাকাকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।
ম্যাজিস্ট্রেট ধাম্মিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৩ মার্চ।
৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গা দেশটির ক্রিকেটের কিংবদন্তি। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কাকে ক্রিকেট বিশ্বকাপ জেতান তিনি। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সাফল্য হিসেবে বিবেচিত।
রানাতুঙ্গা ভাইদের বিরুদ্ধে এই মামলা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরকারের দুর্নীতিবিরোধী বৃহত্তর অভিযানের অংশ। গত বছর ক্ষমতায় এসে তিনি প্রাতিষ্ঠানিক ও দীর্ঘদিনের দুর্নীতি দমনের অঙ্গীকার করেছিলেন।
রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই, সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা, গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার হন। ওই মামলাটি এখনো বিচারাধীন। তবে এর আগে, ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাঁকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।
























