ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সহযোগিতা চুক্তি
- আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোর করতে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই-কমিশন চ্যান্সারিতে গত ১৬ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে স্বাক্ষর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতেসি মোসেকি।
চুক্তির আওতায় বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএর সেন্টার অব এক্সিলেন্সে উঁচুমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও কিউরেটরদের জন্য প্রশিক্ষণের সঙ্গে বিনিময় কর্মসূচি রাখা হয়েছে চুক্তিতে। নারী ও পুরুষ উভয় দলেরই দ্বিপাক্ষিক সফর বাড়ানোর ব্যাপারটিও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে দুই বোর্ড একসঙ্গে কাজ করবে। চুক্তির মেয়াদ তিন বছর। সংশ্লিষ্টদের আশা, দুই দেশের ক্রিকেপ সম্পর্ককে আরও পোক্ত করবে এই চুক্তি।

























