খুলনায় সমাবেশকে কেন্দ্র করে সমস্যা হলে দায় সরকারের: ফখরুল
- আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে সরকার।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি, চলমান লোডশেডিং ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা।
তারা বলেন, সমুদ্র জয়ের কথা বলা হলেও গ্যাস দিতে পারেনা সরকার অথচ মিয়ানমার গ্যাস রপ্তানী করছে চীনে। সরকার দেশে বিদ্যুৎ দিতে না পারলেও ক্যাপাসিটি চার্জ বসিয়ে দিয়েছে জনগণের ওপর। ব্যর্থতার দায়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকারের লুটপাটের মাশুল দিতে হচ্ছে জনগণকে। কমিশন বাণিজ্যের জন্য স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে গ্যাস কিনছে সরকার। এসবের প্রতিবাদে আন্দোলন করতে গেলেও গুলি করা হচ্ছে। খুলনার সমাবেশে গণপরিবহণ বন্ধ করে দেওয়ার পর সন্ত্রাসী কায়দায় পথে পথে নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সমাবেশকে কেন্দ্র করে খুলনায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার দাবি করে ফখরুল বলেন, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। বিএনপি কর্মীদের রাস্তায় দেখলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইতিমধ্যে বিএনপির ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতরাতে। পরিকল্পিতভাবে গণপরিবহণ বন্ধ করে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যহত করছে সরকার বলেও দাবি করেন মির্জা ফখরুল।

























