গাঙ্গুলির পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন জয় শাহ
- আপডেট সময় : ১০:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট এবং কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বুধবার (১ জুন) তার ব্যাক্তিগত টুইটারে এক পোস্ট করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই ধরেই নিয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করেছেন দাদা। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির এক টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন বোর্ড থেকে পদত্যাগ করেছেন দাদা। এমন আলোচনার ঝড় থামালেন জয় শাহ। তিনি বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেননি।’
২০১৯ সালে বিসিসিআই’র ৩৯তম সভাপতি নির্বাচিত হন সৌরভ। তার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র সভাপতি ছিলেন তিনি। এদিকে নতুন যাত্রার জন্য ভক্তদের সমর্থন চেয়েছিলেন সৌরভ। তবে সেই নতুন অধ্যায়টা আসলে কী, সেটা খোলাসা করেননি ভারতের এই সাবেক অধিনায়ক। তাতেই আলোচনার সৃষ্টি হয়।
তিনি টুইটে লেখেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের সাথে আমার যাত্রা শুরুর পর ৩০তম বছর ২০২২। ক্রিকেট আমাকে অনেককিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাদের সকলের সমর্থন পেয়েছি। আমি প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় অংশ নিয়েছেন, আমাকে সমর্থন করেছেন এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন। আজ, আমি এমনকিছু শুরু করার পরিকল্পনা করছি, যা অনেক লোককে সাহায্য করবে। জীবনের এই অধ্যায়ে প্রবেশ করার পর আপনারা একইভাবে সমর্থন অব্যাহত রাখবেন বলে আশা করি।’ পোস্টে এভাবেই লিখেছেন গাঙ্গুলি।


























