চা পান কমিয়ে দিন: জনগণের প্রতি পাকিস্তান সরকার
- আপডেট সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৪২ বার পড়া হয়েছে
পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশের অর্থনীতি সচল রাখতে এ আহ্বান জানানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাকিস্তানের জ্যেষ্ঠ মন্ত্রী আহসান ইকবাল মনে করেন, দেশটির জনগণ দিনে কয়েক কাপ চা কম পান করলে আমদানি খরচ কমবে।
তিনি বলেন, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা চা পানের পরিমাণ এক-দুই কাপ কমিয়ে দেন। কারণ, ঋণ করে তা আমদানি করতে হয় আমাদের।
বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ পাকিস্তান। গত বছর ৬০ কোটি ডলারের বেশি মূল্যের পানীয়টি আমদানি করে দেশটি।
মূল্যস্ফীতির জেরে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুতগতিতে কমছে। গত ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়ায় ১ হাজার কোটি ডলারে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এখন পাকিস্তানের হাতে যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না।
স্বাভাবিকভাবেই চাপে আছে পাকিস্তানের নতুন সরকার। রিজার্ভ বাঁচাতে আমদানি খরচ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে তারা।
তবে জনগণকে চা পান কমানোর আহ্বান জানানোয় ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছে। ক্যাফেইন জাতীয় পানীয় পানের পরিমাণ কমিয়ে অর্থনৈতিক সংকটের সমাধান করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিদায়ে দেশটির ক্ষমতায় আসে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট। সেমসয়ই আঁচ পাওয়া যাচ্ছিল, অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করা হবে তার সরকারের অগ্নিপরীক্ষা। কারণ, ইমরানের সময় থেকেই দেশটির অর্থনীতি নিম্নমুখী ছিল।


























