জামায়াতের পর এলডিপিও বললো ২০ দলীয় জোট নাই
- আপডেট সময় : ০৯:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বিশ দলীয় জোট এখন আর নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে জোটের অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জোটের মাধ্যমে নয়, যার যার মতো আন্দোলনে অংশগ্রহণ করবেন। যার প্রেক্ষিতে বিএনপি নিজস্ব উদ্যোগেই বেশ কয়েকটি বড় কর্মসূচি পালন করছে। যার সাথে জোটের কোনো সম্পৃক্ততা নেই। রবিবার (২৮ আগস্ট) বিকালে এলডিপি কার্যালয়ে তিনি একথা বলেন।
এর আগে রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়।
এলডিপি মহাসচিব বলেন, জোট থেকে জামায়াত ইসলামী আলাদা হওয়ায় রাজনীতিতে খুব বেশি একটি প্রভাব পড়বে না। বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরাও সেই দাবির সমর্থনে কয়েকটি কর্মসূচি পালন করছি। জামায়াতে ইসলামও একই কথা বলে আন্দোলন করতেছে, যে এই সরকারের পতন চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।
এই সরকারের পতনের আন্দোলনে সকল বিরোধী রাজনৈতিক দলই একমত। যার যার অবস্থান থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। যুগপৎ আন্দোলনের জন্য কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও আশা করেন।
কর্ণেল অব. অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক।





















