ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান
- আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
বর্তমানে বিদ্যুতের যে সংকট রয়েছে তা সাময়িক। আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। শুক্রবার (২৮ অক্টোবর) এ কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তবে এ সেক্টরে সফলতার গল্প তৈরি করা অতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছি।
তিনি বলেন, ইদানিং কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। মূলত ফুয়েল আমদানিতে সমস্যার কারণে এমনটা হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষ নাগাদ তা থাকবে না।
পর্যায়ক্রমে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হবে জানিয়ে পিডিবির চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কাজ করছে, আমাদের দেশেও সেভাবেই হচ্ছে। কোনো দিকে আমরা পিছিয়ে নেই।
তিনি বলেন, বর্তমানে ডলারের সংকট আছে। ফুয়েল সংকটও রয়েছে। তাই বিদ্যুৎ সংকট বেড়েছে। খুব দ্রুত এ সমস্যা কেটে যাবে। শীতে বিদ্যুতের ব্যবহার কমে যাবে এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে বিদ্যুৎ পাওয়া যাবে।
তিনি আরও বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতেয়ের চাহিদা তত বাড়বে। সেই বিষয় বিবেচনা করেই মাস্টার প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সোলার হতে পারে বড় সমাধান। সোলার দিয়ে চাহিদার বড় একটি অংশ মোকাবিলা করার চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ ব্যবহারে দেশের মানুষ সাশ্রয়ী হতে হবে।




















