দেশে শৈত্যপ্রবাহ ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
শীতের বিদায়লগ্নে প্রকৃতিতে বসন্তের আবহ থাকলেও দেশের আবহাওয়া পরিস্থিতিতে আবারও শীতের দাপট দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। পাশাপাশি নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে মাসের শেষার্ধে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে এবং দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, তবুও মাসের শুরুতেই শৈত্যপ্রবাহের এই শেষ কামড় শীতের আমেজকে আরও কিছুটা দীর্ঘায়িত করবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


























