দ্বিতীয়বারের মতো বর্ষসেরা মেসি
- আপডেট সময় : ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
অনুমিতভাবে মেসির হাতেই উঠলো ফিফা দ্য বেস্টের পুরস্কার। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার ক্ষুদে জাদুকর। সেরা কোচ ও সেরা গোলরক্ষকের পুরস্কারও গেছে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের ঘরে। আর ব্যাক টু ব্যাক ফিফার বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়াস।
প্রস্তুত ছিল মঞ্চ, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। অপেক্ষার প্রহর শেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ।
শ্রেষ্ঠত্বের হারানো মসনদ প্যারিসে আবারও ফিরে পেলেন লিওনেল মেসি। আরও একবার হলেন ফিফা দ্য বেস্ট।
দুই ফরাসি তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো গ্রহের বর্ষসেরা ফুটবলার ক্ষুদে জাদুকর। ব্যালন ডি অর ও ফিফার সম্মিলিত পুরস্কার হিসেব করলে সংখ্যাটা সাত। তবে এবারেরটা স্পেশাল মেসির কাছে।
ফিফা দ্যা বেস্ট লিওনেল মেসি বলেন, এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক ত্যাগের পর স্বপ্নপূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। নিজের পরিবার ও আর্জেন্টিনার মানুষদের ধন্যবাদ জানাই।
শুধু মেসিই নন। প্যারিসের জমকালো আয়োজনে বরাবরই আলো কেড়ে নিয়েছিলেন আর্জেন্টাইনরা। সেরা গোলরক্ষক ও সেরা কোচ। দুই পুরস্কারও গেছে বিশ্বচ্যাম্পিয়নদের ঘরে।
ফাইনালের টাইব্রেক হিরো এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠেছে বর্ষসেরা গোলকিপারের ট্রফি। মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনিও পেয়েছেন সেরা কোচের স্বীকৃতি।
ফিফা বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, সবাই জানতে চায় আমার আদর্শ কারা? মা-বাবাকে দৈনিক ৮-৯ ঘণ্টা কাজ করতে দেখেছি। তারাই আমার আদর্শ।
ফিফা বর্ষসেরা কোচ লিওনেল স্কালোনি বলেন, এএফএ সভাপতিকে ধন্যবাদ, ২৬ খেলোয়াড়, আইমার, আয়ালা ও আমার পুরো কোচিং স্টাফদের ধন্যবাদ। দেশের হয়ে কিছু জেতার চেয়ে সুন্দর আর কিছু নেই। এই জয়টা আমার স্ত্রী-সন্তান, আমার শহর ও দেশের মানুষের জন্য। তাদের জন্যই আজ আমি এখানে।
বর্ষসেরা নারী ফুটবলারের বেস্ট পুরস্কারও ছিল না তেমন চমক। টানা দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতিয়াস।
























