দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ঈদ আনন্দময় হয়নি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আনন্দের সাথে সাধারণ মানুষ উদযাপন করতে পারছে না।
এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।
মির্জা ফখরুল বলেন, পবিত্র ঈদুল ফিতরে আমরা সব সময় প্রত্যাশা করি, দেশের মানুষ আনন্দে থাকবে, কিন্তু দুর্ভাগ্যের কথা যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছে। সেখানে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন সম্ভব না। তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই অবস্থার অবসান ঘটান। স্বৈরাশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন। দেশনেত্রী খালেদা জিয়াকে যেন আমরা মুক্ত করতে পারি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুল রহমান, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

























