নির্বাচন বন্ধে জনগণ হতবাক- তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোট বন্ধ করে দেওয়ায় ‘জনগণ হতবাক’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি দল হিসেবে নয়, মন্ত্রী হিসেবেও নয়, একজন ব্যক্তি হিসেবে কথা বলছি। প্রথমত, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে নির্বাচন সবসময় কমিশনের অধীনেই হয়। সরকারের সেখানে ভূমিকা কোনো নেই। সরকার শুধু ফেসিলেটরের ভূমিকা পালন করে। নির্বাচন কমিশনই সর্বেসর্বা, তাদের সিদ্ধান্তই সবার উপরে। ভোট স্থগিতের সিদ্ধান্তের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে, বিএনপিসহ যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তাদের এ কথার কোনো যৌক্তিকতা নেই’।
মন্ত্রী বলেন, ‘তবে সাধারণ জনগণ, সেখানকার ভোটার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টক শো দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষ এ সিদ্ধান্তে হতবাক হয়েছে। এর পেছনে যুক্তি তুলে ধরে ড. হাছান বলেন, কারণ নির্বাচনী এলাকার কোনো জায়গায় কোনো ধরনের কোনো গন্ডগোল হয়নি। কোনো অভিযোগ নাই’।
এছাড়া কোনো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারেরও কোনো অভিযোগ ছিলো না। বিন্দুমাত্র সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন ৫০০ কিলোমিটার দূরে বসে সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে। এখন সে ক্যামেরার রেজ্যুলেশন, ইন্টারনেট কানেক্টিভিটি কেমন ছিলো সেটি একটি বড় প্রশ্নের ব্যাপার। সেটি একটি দুর্গম এলাকা। এখান থেকে ফুটেজ দেখে.. সেটি আসলে কতটুকু স্বচ্ছ বা সঠিক ফুটেজ দিচ্ছিলো, গাইবান্ধার অজপাড়াগাঁয়ের সিসিটিভি ক্যামেরা কতটুকু রেজুলেশন দিলো… ‘দ্যাটস অ্যা বিগ কোশ্চেন’।























