পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বহিস্কারের আবেদন
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
গ্রিড বিপর্যয়ের কারণে সৃষ্ট ব্ল্যাক আউটের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারে আবেদন করেছে তদন্ত কমিটি। রোববার (১৬ অক্টোবর) মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপসহকারী প্রকৌশলী।
গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন ছিলেন পাঁচ থেকে আট ঘণ্টা। এ নিয়ে এক মাসের কম ব্যবধানে জাতীয় গ্রিডে দ্বিতীয়বার বিপর্যয় ঘটে। এর আগে ৬ সেপ্টেম্বরে গ্রিড ট্রিপ করার কারণে বিদ্যুৎবিহীন ছিল রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকা।






















