প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণীর প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। ’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরে কয়েক দফা সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১।
২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে।
অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ ২১ জন উপদেষ্টা ছাড়াও আছেন উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।
এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই হিসাব করা হয়েছে। তাতে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা। ২০২৪ সালের ৩০ জুন মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা।
আজ প্রকাশিত সম্পদ বিবরণীতে বিবরণীতে উপদেষ্টাদের আর্থিক, আর্থিক বর্হিভূত সম্পদ (নন-ফাইন্যান্সিয়াল), বিদেশে থাকা পরিসম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের তথ্য দেয়া হয়েছে।
বিবরণী অনুধায়ী, এক বছরের ব্যবধানে মুহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদও ১৫ লাখ ৬৩ হাজার ৭৮৬ টাকা বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন আফরোজী ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৭৪ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬০ টাকায়।
প্রধান উপদেষ্টার নামে বাংলাদেশে অবস্থিত সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাবও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে এই আয় ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা। ২০২৫ সালে বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। তবে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের নামে বিদেশে অবস্থিত কোনো সম্পদের তথ্য প্রকাশিত নথিতে দেখানো হয়নি।
প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির ব্যাখ্যাও দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথির ‘মন্তব্য’ অংশে। সেখানে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদী আমানত বৃদ্ধি, উত্তারিধকার সূত্রে প্রাওয়া শেয়ারসহ বিভিন্ন কারণে মোট সম্পদের পরিবৃদ্ধি হয়েছে।





















