বায়ুদূষণে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় ২ লাখ মানুষ: সিপিডি
- আপডেট সময় : ০২:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
২০ বছরে বায়ুদুষণজনিত রোগ বালাইয়ের কারণে মৃত্যু ৯ শতাংশ বেড়েছে। বায়ুদুষণে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় দুই লাখ মানুষ। ১৫ বছরে প্লাস্টিক দূষণও বেড়েছে দ্বিগুণ। এর ফলে ভয়াবহ স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে শহরাঞ্চলের মানুষ।
সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘সবুজ শহর উদ্যোগ’-বিষয়ে আলোচনায় এ তথ্য তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার বায়ুর মান খারাপ, অত্যন্ত খারাপ। বাতাসের মান উন্নয়নে ইটভাটা বন্ধের পাশাপাশি রাজধানীতে যানবাহন কমাতে স্কুলবাস চালুর বিকল্প নেই বলে মনে করেন তিনি।
বায়ুদুষণ বন্ধে নগরীতে যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বায়ু দূষণের জন্য শিল্পকারখানা নয়, ইট ভাটা এবং যানবাহনের ধোঁয়া বেশি দায়ী। বায়ু ও প্লাস্টিকের দূষণ বন্ধে সঠিক নীতি গ্রহণের পাশাপাশি জনসচেতনতা তৈরি এবং সরকারের শক্ত অবস্থানের ওপর জোর দেন আলোচকরা।

























