বিএনপির সমাবেশের আগে এবার পরিবহন ধর্মঘট ঠাকুরগাঁওয়ে
- আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
থ্রি হুইলারসহ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী সব পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে বাএনপির নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করেই এ ধর্মঘট দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দিন রংপুর থেকে বাস চলাচল বন্ধ থাকবে। এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন পরিবহন মালিক সংগঠন সংশ্লিষ্টরা।
এদিকে বাস ধর্মঘট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট দেওয়া হয়েছে। তবে মালিক সমিতি বলছে, মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইকসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, গণসমাবেশ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ। কিন্তু পরিবহন বন্ধ রাখা মানে মহাসমাবেশ হবে না, এটা ভাবার অবকাশ নেই। সব বাধা উপেক্ষা করে আমরা রংপুরে পৌঁছাব।
এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, রংপুর বিভাগের ৮টি জেলা থেকে গণসমাবেশে নেতা-কর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেতা-কর্মীদের বিকল্প উপায়ে সমাবেশে আসতে বলা হয়েছে। যেকোনো মূল্যে শনিবার রংপুরের জেলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করব।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে নয়, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর মোটর মালিক সমিতি। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে, ধর্মঘটের সময় আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
শনিবার রংপুরের জেলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জানা গেছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুসহ অঙ্গসংগঠনের নেতারা।


























