বুধবার থেকে বাড়তে পারে শীত, থাকবে কুয়াশার দাপট
- আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
হাড় হিম করা শীতের দাপট কমে গত কয়েকদিনে কিছুটা বেড়েছে তাপমাত্রা। এতে কনকনে শীতের অনুভূতি কমলেও এখনো ৮ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে ফের কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (১৯-২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যদিও এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বুধবার (২১ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া এই ৩ দিনে কুয়াশার দাপট একই রকম থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে এবং আজ সোমবারও আবহাওয়ার একই ধারা বজায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
উল্লেখ্য, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।
অন্যদিকে পঞ্চগড়ে টানা দুই সপ্তাহ ধরে চলছে শৈত্যপ্রবাহ। কখনও মৃদু আবার কখনও মাঝারি। তবে গত ১০ দিন ধরে দিনের বেলায় ঝলমলে রোদের কারণে বেড়েছে তাপমাত্রা। এতে করে জনজীবনে কমেছে ভোগান্তি। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এখন শুধু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ভোরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বাংলাদেশে মাঘ মাস মানেই শীত শেষের মাস। এই মাসে রোদের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেলেও রাতে বেশ শীত অনুভূত হয়। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পূর্ব রেকর্ড অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকতে পারে। তবে সারাদিন রোদ থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উপরের দিকেই যাবে। এতে করে শীতের ভোগান্তি তেমন একটি হওয়ার আশঙ্কা নেই।




















