ভারতের ইতিহাসে সেরা ১০ সিনেমার শীর্ষে বাংলা, তলানিতে হিন্দি
- আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
ভারতের সেরা ছবি কোনটি? এ প্রশ্নের উত্তর খুঁজতে ধন্দে পড়ে যেতে পারেন আপনি। তবে চিন্তার কিছু নেই। আপনার জবাব দিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স (এফআইপিআরইএসসিআই)।
কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে সর্বকালের সেরা ভারতীয় ছবির খেতাব দিয়েছে সংগঠনটি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ভারতীয় ইতিহাসে সর্বকালের সেরা ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে এফআইপিআরইএসসিআই। সেই তালিকায় শীর্ষে আছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘পথের পাঁচালী’। ১৯৫৫ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেন সত্যজিৎ। তার অপু ট্রিলজি’র প্রথম পার্ট এটি। গোটা বিশ্বের সিনেপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত ছবিটি। এজন্য ১১টি আন্তর্জাতিক পুরস্কার জেতেন তিনি।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুণী নির্মতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেন তিনি। এতে উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রামের কাহিনী নিপুণ দক্ষতায় তুলে ধরে প্রথিতযশা এ বাঙালি পরিচালক।
তৃতীয় স্থানে অধিকার করেছে ‘ভূবন সোম’। ১৯৬৯ সালে এটি নির্মাণ করেন আরেক বাঙালি বহুমুখী প্রতিভাধর মৃণাল সেন। উৎপল দত্ত ও সুহাসিনী মূলে অভিনীত সিনেমাটিও বিশ্বজয়ের কাহিনী লেখে।
চার নম্বরে রয়েছে মালয়ালাম ছবি ‘এলিপাত্থায়ম’। ১৯৮১ সালে এ সিনেমা বানান পরিচালক আদুর গোপলাকৃষ্ণ। গিরীশ কাশারাভিলির সিনেমা ‘ঘাটাশ্রাদ্ধা’ রয়েছে পাঁচে। এরপর রয়েছে হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’।
সপ্তম স্থানে জায়গা পেয়েছে সত্যজিতের আরেক বিখ্যাত সিনেমা ‘চারুলতা’। শ্যাম বেনেগলের মাস্টাপিস ‘অঙ্কুর’, গুরু দত্তর ১৯৫৪ সালে অনন্য সৃষ্টি ‘পেয়াসা’ এবং ১৯৭৫ সালের ব্লকব্লাস্টার ‘শোলে’ রয়েছে যথাক্রমে আট, নয় ও ১০ নম্বরে।
১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় এফআইপিআরইএসসিআই। ভারতের সেরা ১০ সিনেমা বাছাই করেন সংগঠনটির ৩০ সদস্য। এজন্য গোপন ভোটে অংশ নেন তারা।


























