ভারত-চীন-পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি
- আপডেট সময় : ১১:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
ভারত, চীন ও পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও ভূমিধসে শুধু ভারত ও চীনে প্রাণহানি হয়েছে ৭৬ জনের। এছাড়া আফগানিস্তানে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে ২০ জন। বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে, দাবানলের আগুনে পুড়ছে চীন, রাশিয়া ও পর্তুগালের বনাঞ্চল।
গত শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়ে ভারতের হিমাচল ও উত্তরাখন্ডসহ বেশ কয়েকটি প্রদেশ। এতে প্রাণহানির পাশাপাশি বাড়ছে ক্ষতির পরিমাণ। তলিয়ে গেছে শত শত গ্রাম। বন্ধ হয়ে আছে মানালি, শিমলা ও চন্ডিগড়ের বেশ কয়েকটি অঞ্চলের সড়ক-মহাসড়ক। আগামী দুই দিন এ অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ।
চলতি বর্ষার বন্যায় নাকাল হয়ে পড়েছে পাকিস্তান। বেলুচিস্তান, সিন্ধু ও পাঞ্জাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার থেকে আগামী সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে বেলুচিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে বন্যায় প্রাণহানী হয়েছে অন্তত ২০জনের, আহত হয়েছে আরও ৩০জন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজারেরও বেশি বসতবাড়ি।
এদিকে, বন্যায় ভাসছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদান। পানিবন্দি হয়ে আছে প্রায় এক লাখ মানুষ। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নীলনদের পানি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চলমান বন্যায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ।
বিচিত্র আবহাওয়া বিরাজ করছে পূর্ব এশিয়ার দেশ চীনে। অবস্থার উন্নতি হয়নি দেশটির পশ্চিমাংশের কাংহাই প্রদেশের বন্যা পরিস্থিতি। অন্যদিকে দাবানলে পুড়ছে দক্ষিণ-পশ্চিমাংশের চংকিং পাহাড়ী এলাকা। পরিস্থিতির ভয়াবহতায় সরিয়ে নেয়া হয়েছে অন্তত দেড় হাজার বাসিন্দকে।
এদিকে, এখনও নিয়ন্ত্রণে আসছে না ইউরোপর দেশগুলোতে দাবানলের পরিস্থিতি। পর্তুগালের বনাঞ্চলে দাবানল ঠেকাতে সর্তকতা জারি করা হয়েছে। দাবানল ছড়িয়েছে রাশিয়ার পশ্চিমাঞ্চলে। রাজধানী মস্কো থেকে একশ’ মাইল দূরে রিয়াজান বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি।
























