ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ: হাইকোর্ট
- আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
পিকে হালদারকে গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিৎ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ মে) পিকে হালদারের বিষয়টি হাইকোর্টকে জানালে, এমন মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এসময় হাইকোর্ট আরও বলেন, মানি লন্ডারিং, দুর্নীতির বিষয়ে আমরা খুব সিরিয়াস। এগুলো করলে তাদের বিষয়ে কোন ছাড় নেই।
মঙ্গলবার (১৭ মে) এ বিষয়ে শুনানি হতে পারে বলেও জানায় হাইকোর্ট।
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদার শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। এসময় ইডি আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে চারজন বাংলাদেশি। তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী (নাম জানা যায়নি), উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়া প্রণব হালদার নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে ইডি। প্রণব সেখানে সরকারি চাকরি করেন। পরে সঞ্জীব হালদার নামে একজনকে আটক করার কথা জানায় ইডি। সঞ্জীব বাংলাদেশ গ্রেপ্তার সুকুমার মৃধার জামাই।
রোববার (১৫ মে) পিকে হালদারসহ সহযোগীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে ভারতের স্পেশাল সিবিআই কোর্ট। রিমান্ডে জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পি কে হালদার দাবি করেছেন, তাকে ভুল পথে পরিচালিত করেছে তার সহযোগীরা।

























