মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
- আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ই অক্টোবর) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও শেখ হাসিনা মাসুম আজিজের রূহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।’
সোমবার (১৭ই অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মাসুম আজিজের ছেলে উৎস জামান জানান, মঙ্গলবার অভিনেতার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

























