রংপুরের গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার
- আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ২৯ বার পড়া হয়েছে
রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত রাত থেকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।
এদিকে রংপুরে সমাবেশে যোগ দিতে গতকাল রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থলে পৌঁছেছেন। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন।
সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকার গণপরিবহণ বন্ধ করে দিয়ে জনগণের বাঁধ ভাঙা জোয়ার আটকে দিতে পারেনি।’
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দিবে না। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’
গত ২৬শে সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ১০ বিভাগে গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে। সর্বশেষ ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে বিএনপি। আজ রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে বিএনপির তৃতীয় ধাপের কর্মসূচি শেষ হবে। এরপর নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপি নেতারা।
























