রাজিব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ৩১ বছর পর খালাস
- আপডেট সময় : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
রাজিব গান্ধী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের একজন এ জি পেরারিভালানকে ৩১ বছর পর মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে রাজিব গান্ধী হত্যার অপর আসামি নলিনী শ্রীহরণ ও তার স্বামী মুরুগান, একজন শ্রীলঙ্কার নাগরিকসহ বাকি ছয় অভিযুক্তের মুক্তির পথ প্রশস্ত করেছে।
রাজিব গান্ধী হত্যার সময় ১৯ বছর বয়সী পেরারিভালানের বিরুদ্ধে ৯ ভোল্টের দুটি ব্যাটারি সিভারাসনের জন্য কেনার অভিযোগ আনা হয়েছিল। সিভারাসন ছিলেন রাজিব গান্ধী হত্যার পরিকল্পনাকারী ও শ্রীলঙ্কার তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগার অফ তামিল ইলমের সদস্য।
পেরারিভালানের কেনা ব্যাটারি দুটি রাজিব গান্ধী হত্যার জন্য বোমায় ব্যবহার করা হয়েছিল।
১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনী সভায় যোগ দিতে গেলে রাজিব গান্ধীকে লক্ষ্য করে ধানু নামের এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। সে হামলায় রাজিব গান্ধীর মৃত্যু হয়। ওই ঘটনায় তিন জনকে প্রথমে দোষী সাব্যস্ত করে তিন আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল শীর্ষ আদালত। পরে আসামিদের প্রাণভিক্ষার আবেদনে সাড়া দিয়ে তাদের সাজা কমিয়ে সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।





















