রাফায় শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১১
- আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফায় একটি শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। গতকাল শনিবার এ হামলা চালানো হয়।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি হাসপাতালের কাছে অবস্থিত বাস্তচ্যুতদের তাঁবুতে হামলাটি চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, ইসলামিক জিহাদ গ্রুপের জঙ্গিদের লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, ‘হামলাটি ছিল আপত্তিকর এবং অকথ্য।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেন, এমিরাতি ম্যাটারনিটি হাসপাতালের কাছে বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫ হাজারেরও বেশি নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামীকাল সোমবারের মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি হতে পারে।

























