রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন, যেতে পারেন মেজর লিগ সকারে
- আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সৌদি প্রো লিগে সোমবার রাতে আল নাসরের ম্যাচ বয়কট করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপরই আল নাসরে এই তারকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে আল নাসরের বর্তমান অবস্থান নিয়ে অসন্তুষ্ট রোনালদো। যে কারণে আগামী গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন তিনি।
আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ৪১ বছর বয়সী রোনালদোর। চুক্তিতে থাকা ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কারণে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আগ্রহী ক্লাবগুলোর জন্য সুযোগ তৈরি হতে পারে।
রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে আলোচিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। সেখানে গেলে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন রোনালদো। ইউরোপে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি, যদিও কোন ক্লাবে তিনি যেতে পারেন-তা স্পষ্ট নয়।
সৌদি আরবের সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর আচরণে ক্ষুব্ধ হয়েই মূলত রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি আলোচনায় এসেছে। পিআইএফ আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির মালিক। রোনালদোর অভিযোগ- পিআইএফ আল নাসরের চেয়ে অন্য ক্লাবগুলোকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে।
গতকাল দিনভর নাটকীয়তা শেষে আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন করিম বেনজেমা। ফরাসি তারকাকে আল হিলালে নেওয়ার সিদ্ধান্তে নাখোশ আল নাসরের অধিনায়ক রোনালদো। প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে আল নাসরের ম্যাচ খেলতেও নামেননি তিনি।
রোনালদোর অসন্তোষের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে আল নাসরের অভ্যন্তরীণ পরিবর্তন। গত মাসে বোর্ড মিটিংয়ের পর আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে সেমেদোর ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও জানা গেছে।
প্রধান কোচ জর্জে জেসুস স্পষ্টভাবেই ক্লাবের নাজুক আর্থিক অবস্থার কথা উল্লেখ করেছেন। ফলে শীতকালীন দলবদলে শক্তি বাড়াতে পারেনি ক্লাবটি। অনেক বড় নামের গুঞ্জন থাকলেও আল নাসর এই উইন্ডোতে কেবল ২১ বছর বয়সী ইরাকি মিডফিল্ডার হায়দার আবদুল করিমকে দলে ভেড়াতে পেরেছে।
কয়েক মাস আগেও সৌদি লিগে থাকার অঙ্গীকার করেছিলেন রোনালদো। ২০২৫ সালের অক্টোবরে তিনি বলেছিলেন, সৌদি লিগের উন্নয়ন ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার অংশ হতে চান তিনি।
শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আল নাসর। সাম্প্রতিক উত্তেজনায় সেই ম্যাচে রোনালদো খেলবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। লিগ টেবিলে বর্তমানে শীর্ষে থাকা আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর।























