সরকারি ডিভাইসে ব্যবহার করা যাবে না টিকটক
- আপডেট সময় : ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
চীনের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে কানাডা সরকার। এ নিষেধাজ্ঞার ফলে দেশটির সরকারি ডিভাইসে এখন থেকে টিকটক ব্যবহার করা যাবে না। নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর আল জাজিরা।
দেশটির ফেডারেল কর্মীরাও যাতে টিকটক অ্যাপ ডাউনলোড করতে না পারে এজন্য ডাউনলোড সুবিধা সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেডারি বোর্ড অব কানাডা সেক্রেটারিয়েট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, টিকটক যেভাবে তথ্য সংগ্রহ করে তাতে ফোনের সকল তথ্য তারা নিয়ে যেতে পারে।
কানাডা সরকারের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে টিকটকের একজন মুখপাত্র জানান, নিরাপত্তার ক্ষেত্রে টিকটক কোনো ধরনের প্রতারণা করে না। আমাদের ব্যাপারে এমন অভিযোগ আনার ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
কিছুদিন আগে একই অভিযোগ এনে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করে ইউরোপিয়ান কমিশন। টিকটকের মাধ্যমে চীনা সরকার তথ্য হাতিয়ে নিতে পারে এমন অভিযোগ করে ইউরোপিয়ান কমিশন এ সিদ্ধান্তের কথা জানায়।
এদিকে টিকটকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে চীনা ফার্ম বাইটড্যান্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কানাডার ফেডারেল এবং প্রাদেশিক সরকার।


























