সরকারের পায়ের নীচে মাটি নেই : রিজভী
- আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
সরকারকে টিকিয়ে রাখতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভারতের সহায়তা চাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তার মানেই হচ্ছে জনগণের সমর্থন নেই। পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে দিয়ে প্রমাণ হয়, শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। পররাষ্ট্রমন্ত্রী অজান্তে কিছু সত্য কথা বলেছেন। কয়েকদিন আগে বলেছেন বেহেশতের কথা। এখন তিনি বেহেশত থেকে বাণী দিচ্ছেন। সেখান থেকে তো মিথ্যা কথা বলা যায় না, কথাও অগ্রাহ্য করা যায় না।’
তিনি বলেন, সরকার সম্পর্কে বিএনপির মূল্যায়ন এবং দেশপ্রেমিক জনগণ ও প্রগতিশীল শক্তির মূল্যায়ন একইরকম। সরকারের মন্ত্রীরাই অক্ষরে অক্ষরে সেটা প্রমাণ করছেন। একইসঙ্গে খালেদা জিয়া এই অনির্বাচিত সরকারকে লেন্দুপ দর্জির সঙ্গে তুলনা করে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আরও প্রমাণ হয় যে খালেদা জিয়াই ছিলেন সঠিক।’
আজ শুক্রবার (১৯শে আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। জনগণের সমর্থন ছাড়াই সরকারে টিকে থাকতে চায়।
রিজভী বলেন, বিএনপি কারো কাছে ধর্না দেয়না। জনগণই বিএনপির মূল শক্তি। সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গতিশীল করবে বিএনপি। দেশকে বিপদজনক পরিস্থিতির দিকে এগিয়ে নিতে চায় সরকার, বিএনপি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

























