সিউলে হ্যালোইনে পদদলন, মৃত্যু বেড়ে ১৫১
- আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
সিউলের ইতায়েওনে হ্যালোইন উৎসবে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় বিপর্যয়ের ধাক্কা সামলে না ওঠা পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল।
শনিবার (২৯ অক্টোবর) রাতের ওই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই কিশোর এবং বয়স ২০-র ঘরের তরুণ-তরুণী।
ইয়ুন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ইয়ুন সুক-ইয়ল তার বিবৃতিতে বলেন, ‘এটা সত্যিই বেদনাদায়ক। এই ট্র্যাজেডি ও বিপর্যয়, গত রাতে সিউলের কেন্দ্রস্থলে যেটা হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না’।
শনিবার রাতে হ্যালোইন উদযাপনের সময় বিপুল সংখ্যক মানুষ ইতায়েওনের একটি সরু গলিতে ঢুকে পড়লে পদদলনের এই ঘটনা ঘটে, বলছেন জরুরি বিভাগের কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা দিয়েছেন তারা।
ইয়ংসান দমকল কেন্দ্রের প্রধান চই সুং-বিয়ম শনিবার রাতের ঘটনায় ১৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদের মধ্যে ১৯ জন অন্য দেশের নাগরিক বলেও জানিয়েছেন তিনি।
আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর, ঘটনাস্থলে দেওয়া ব্রিফিংয়ে বলেছেন চই।
কোভিড বিধিনিষেধ ও সামাজিক দূরত্বের নির্দেশনা তুলে নেওয়ার পর, তিন বছর পর দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো চার দেয়ালের বাইরে হ্যালোউইন উৎসবে মেতেছিল শনিবার।
এদিন বিভিন্ন পার্টিতে যাওয়া অনেকের মুখে মাস্ক এবং হ্যালোইনের কস্টিউম দেখা গেছে।
রবিবার প্রথম প্রহরের দিকেও ইতাওয়েনের সরু রাস্তায় রক্তের দাগের পাশাপাশি নানান কস্টিউম ও ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে।
নিহত বিদেশিদের মধ্যে চীন, ইরান, উজবেকিস্তান ও নরওয়ের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন চই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত যত বাড়ছিল, রাতের আমোদ প্রমোদের জন্য বিখ্যাত ইতায়েওনে লোকও ততই বাড়ছিল। ১০টা ২০ মিনিটে পদদলনের ঘটনার আগেই এমন বিশৃঙ্খলা শুরু হয়ে যায় যে সেখানে থাকা পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।





















