১৫ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ
- আপডেট সময় : ০২:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে
দ্বিতীয় রাউন্ডে জয়খরা ঘোচালো বাংলাদেশ। ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জয় পেলো বাংলাদেশ। সেটাও আবার প্রথম ম্যাচেই। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের দল।
গ্রুপ-২ এর ম্যাচে হোবার্টে টস হেরে আগে ব্যাটিং করে ১৪৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ২০ ওভার শেষে ১৩৫ রান তুলতে সবগুলো উইকেট হারায় ডাচরা। ফলে ৯ রানের জয়ে বিশ্বকাপ শুরু করলো টাইগাররা।
এদিন বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ দুটি এবং সাকিব আল হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। আর বাকি দুটি ছিল দুর্দান্ত রান আউট। আজ ক্যারিয়ারের সেরা পারফর্ম করেছেন তাসকিন। এর আগে তার সর্বোচ্চ বোলিং ফিগার ছিল ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১২ রানে ২ উইকেট। সেটা আজ দ্বিগুণ করেছেন ঢাকাইয়া এক্সপ্রেস।
ডাচদের হয়ে অ্যাকারম্যান ৪৮ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তবে পুরো ম্যাচে তিনিই সর্বোচ্চ রান করেছেন। এছাড়া স্কট এডওয়ার্ড ২৪ বলে ১৬ রান করেন। আর ১১ নম্বরে নামা মিক্রিন ০০ বলে ০০ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। বাকিরা কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
এর আগে হোবার্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য ও শান্ত বেশ ধীরে সুস্থে শুরু করেন। ৫ ওভারে ৪০ রানের জুটিও এনে দেন এ দুজন। কিন্তু সৌম্য (১৪) ফেরার পর যেন হঠাৎ মড়ক লাগে টাইগার শিবিরে। বিনা উইকেটে ৪০ রান থেকে স্কোরবোর্ডে ৬০ রানেই দেখা যায় ৪ উইকেট নেই।
একে একে ফিরে যান লিটন (৯) সাকিব (৭) ও ইয়াসির আলী (৩)। সোহানকে নিয়ে ইনিংস ছোট্ট করে মেরামত করেন আফিফ। ৩৪ রানের জুটি গড়ে সোহান ফিরে যান ১৩ রানে। তবে আফিফ ২৭ বলে ৩৮ রানের নান্দনিক একটি ইনিংস খেলেন।
শেষদিকে মোসাদ্দেক ১২ বলে ২০ রানের ছোট্ট ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশকে ১৪০ পার করান। ডাচদের হয়ে মিক্রিন ও লিডি ২টি করে উইকেট নেন। ক্লাসেন, প্রিঙ্গেল শেরিজ ও লোগান একটি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।


























