অভিষেকে হ্যাটট্রিক, দল নিয়ে গর্বিত করিম বেনজেমা
- আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আল হিলালের জার্সিতে অভিষেক রাঙালেন করিম বেনজেমা। হ্যাটট্রিকের সঙ্গে এক গোলে সহায়তা করেছেন সাবেক ফরাসি তারকা। সৌদি প্রো লিগের শীর্ষে থাকা ক্লাবটি বৃহস্পতিবার রাতে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে আল ওখদুদের বিপক্ষে। আল হিলালে নিজের প্রথম ম্যাচেই জয়ের নায়ক হয়ে বেনজেমা বললেন- ‘এই দল নিয়ে গর্বিত। সমর্থন ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।’
গত সোমবার ট্রান্সফার ডেডলাইনের কয়েক ঘণ্টা আগে আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেন বেনজেমা। সালেম আল দাওসারি, মারকোস লিওনার্দো, ডারউইন নুনিয়েজ ও মালকমের মতো তারকায় ঠাসা আল হিলালে নাম লেখান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। তবে দলবদলের এই পথটা মোটেও মসৃণ ছিল না। লিগের শীর্ষ সারির আর্থিক পৃষ্ঠপোষক পিআইএফ ইতোমধ্যেই শক্তিশালী আল হিলালকে আরও শক্তিশালী করায় অসন্তোষ প্রকাশ করেছেন আল নাসরে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সব আলোচনা ছাপিয়ে মাঠেই জবাব দিলেন ৩৮ বছর বয়সি বেনজেমা।
বৃহস্পতিবার রাতে ম্যাচের আধাঘণ্টা পার হওয়ার খানিক পরই ডেডলক ভাঙেন বেনজেমা। বক্সের ভেতরে ব্যাক-হিল টাচে গোল করেন তিনি। ৬০ মিনিটে গোলমুখের সামনে নিচু শটে স্কোরলাইন দ্বিগুণ করেন। চার মিনিট পর কাছাকাছি সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্যালন ডি’অর জেতা এই স্ট্রাইকার।
৭১ মিনিটে বদলি হওয়ার আগে দলের চতুর্থ গোলে সহায়তা করেন বেনজেমা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি, ভালো খেলেছি, ক্লিন শিট রেখেছি এবং গোলও করেছি। দলের সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তারা আমাকে সাপোর্ট করেছে। তাই আমি যখন মাঠে থাকি, তাদের জন্যই সবকিছু উজাড় করে দিই।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ বেনজেমা লেখেন, ‘দলকে নিয়ে গর্বিত। সমর্থন ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।’
এর আগে ক্লাবে যোগ দেওয়ার পর বেনজেমা বলেছিলেন, ‘এত বড় একটি দলের অংশ হতে পেরে আমি খুশি। অনেক কিছু পাওয়ার ইচ্ছে আছে। কঠোর পরিশ্রম করব এবং ট্রফি জিততে মাঠে সর্বস্ব দেব।’
সময়টা এতটাই ভালো কাটছে যে এ বছরের ফুটবল বিশ্বকাপে ফ্রান্স দলে ফেরার গুঞ্জনও শুরু হয়েছে বেনজেমাকে ঘিরে। এমনটাই আবুধাবির সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল’র এক প্রতিবেদনের বরাতে জানা যায়। দলে ফেরার গুঞ্জন নিয়ে বেনজেমা বলেন, ‘আমার মাথায় লক্ষ্য আছে। আমি ফুটবল ভালোবাসি, জিততে ভালোবাসি, ট্রফি ভালোবাসি; এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি জাতীয় দলে ডাক পাই, খেলতে আসব।’
সৌদি আরবে বেনজেমার পারফরম্যান্স দিনকে দিন ছাপিয়ে গেছে। প্রো লিগে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৪১ গোল করেছেন। গত মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চলতি মৌসুমেও সেরার স্বীকৃতি ধরে রাখার পথে রয়েছেন তিনি।
























