আফগানিস্তানের আরও সামরিক চৌকিতে পাকিস্তানের হামলা, ট্রাম্পের প্রশংসা
- আপডেট সময় : ০১:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশেষ কয়েক ঘণ্টায় তালেবানের আরও বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাকিস্তান টিভির প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।
আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান টিভি সর্বশেষ কয়েক ঘণ্টায় তালেবানের যেসব সেনা চৌকিতে হামলার দাবি করেছে সেগুলোর মধ্যে রয়েছে, কিলা সাইফুল্লাহ সেক্টরে অবস্থিত আলা জিরগা থানা চৌকি, কিলা সাইফুল্লাহ সেক্টরে অবস্থিত রহিম থানা চৌকি, আজম ওয়ারসক সেক্টরের শাগা চৌকি, খাইবার, ওমারি ও নোশকি সেক্টরে অবস্থিত বিভিন্ন চৌকি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ কথা বলেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।’












