আবার ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি-জেনারেল হলেন কিম জং–উন
- আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি-জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে দলটিতে তাঁর ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হলো।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, রোববার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে এবং কিছু সাংগঠনিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যদিও বিস্তারিত জানানো হয়নি।
উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং–উন দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় বিষয়ে তাঁর ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।
চলতি কংগ্রেসে কিম গত পাঁচ বছরের কার্যক্রম মূল্যায়ন করেন এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করেন। উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, নিজেদের ধাঁচে সমাজতান্ত্রিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গত পাঁচ বছর ছিল গর্বের সময়। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
কংগ্রেসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই–সহ শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন। এর আগে এক অনুষ্ঠানে কিম পারমাণবিক সক্ষমতাসম্পন্ন একাধিক রকেট লঞ্চার উন্মোচন করে সেগুলোকে ‘দারুণ’ ও ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেন।

























