ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তাকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে।
ওসমান হাদির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে তার জন্য ‘বি’ নেগেটিভ রক্তের প্রয়োজন। তবে হাদির শারীরকি অবস্থা সম্পর্কে এখনও কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নই। আমাদের টিম সেখানে গেছে। তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত নভেম্বর মাসে দেশি–বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন রকমের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) চিকিৎসাধীন তিনি।
মিসবাহ আরও জানান, চিকিৎসক জানিয়েছেন তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, তার বাড়িতে আগুন দেয়ার কথা বলা হয়েছে এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।
হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা–বোন–স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।




















