উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের হামলা
- আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা হয়েছে। দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পাশাপাশি ধোয়া উড়তে দেখা গেছে। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা
বাহরাইন নিশ্চিত করেছে যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর একটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের খবর দিয়েছে।
ইরান জানিয়েছে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে পঞ্চম মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে একই সময় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পরপরই কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, যা পুরো অঞ্চলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরপরই কাতারের দোহায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কাতারে মোবাইল ডিভাইসে একটি সতর্কতা জারি করেছে, যেখানে সমস্ত বাসিন্দাকে বাড়িতে বা অন্য কোথাও হোক না কেন, সামরিক ঘাঁটি থেকে দূরে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে এবং নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।












