এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল, অ্যাস্টন ভিলার বিদায়
- আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থের এক গোলে সহায়তা করলেন মোহাম্মদ সালাহ; মিশরীয় তারকার এমন দাপুটে পারফরম্যান্সে ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লিভারপুল। একই রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে অ্যাস্টন ভিলা।
শনিবার রাতে অ্যানফিল্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে লিভারপুর। সালাহর আগে অন্য দুটি গোল করেছেন ডোমিনিক সোবোসলাই ও কার্টিস জোনস।
৪২মিনিটে মিলোস কেরকেজের ক্রস থেকে ডান দিক থেকে উঠে এসে বল জালে জড়ান জোন্স। গত ১৭ জানুয়ারির পর এটিই ছিল তাঁর প্রথম একাদশে নামা।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় লিভারপুল। ৫৬ মিনিটে সালাহর ক্রস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সোবোসলাই। মৌসুমে এটি ১০ম গোল ছিল হাঙ্গেরিয়ান এই মিডফিল্ডারের।
৬৬ মিনিটে বক্সে সালাহকে ফেলে দেন পাসকাল গ্রোস। পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান ৩-০ করেন ৩৩ বছর বয়সি সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাইটন। আলিসন বেকার দারুণ সেভ করেন দিয়েগো গোমেজের শট, আর লুইস ডাঙ্কের সুযোগও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে বদলি হিসেবে নেমে বল জালে জড়ান ১৭ বছর বয়সি রিও এনগুমোহা, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
রাতের অপর ম্যাচে ১০ জনের অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সান্দ্রো টোনালির জোড়া গোলে পঞ্চম রাউন্ড নিশ্চিত হয় নিউক্যাসলের। ভিএআর না থাকায় ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক।

























