এমিলিয়ানো মার্তিনেজদের শিরোপা দৌড় থামল
- আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
খেলার ৬১ মিনিটে জোয়াও গোমেসের গোলের পর শেষ বাঁশির অপেক্ষায় ছিলেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (উলভস) কোচ রব এডওয়ার্ডস। ৭ মিনিটের ইনজুরি টাইম তখন বোধকরি ৪৩ বছর বয়সী কোচের কাছে দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয়েছে। তবে শেষ মিনিটে রদ্রিগো গোমেজের গোলের পর সব শঙ্কা উবে যায়। ডার্বি ম্যাচে ২-০ গোলের জয় নিশ্চিত হয় উলভসের।
পয়েন্ট টেবিলের ২০ নম্বরে উলভস। গতরাতের আগে তারা এই মৌসুমে ২৮টি লিগ ম্যাচ খেলেছে। যেখানে কেবল একটিমাত্র জয় ছিল। সেই দলটিই কিনা নিজেদের ২৯তম ম্যাচে এসে হারিয়ে দিলো তালিকার তিনে থাকা ভিলাকে! এই জয়ে ১৩ পয়েন্ট হল উলভসের। ২০০৭-০৮ মৌসুমে ডার্বি কাউন্টির করা প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্টের (১১ পয়েন্ট) রেকর্ডটি ভাঙার লজ্জা থেকে বেঁচে গেল তারা।
মৌসুমের শুরু থেকে মাঝপথ অবধি দারুণ ছন্দে ছিল অ্যাস্টন ভিলা। তবে শুক্রবার রাতের হারে ছন্দপতন হলো তাদের। সেটা অবশ্য আরও আগেই হয়েছে। সর্বশেষ ১০টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে জিতেছে উনাই এমেরির দল।
এই হারে লিগ শিরোপা রেস থেকে কার্যত ছিটকে গেছে তারা। এমনকি সেরা চারে থেকে পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কি না তা নিয়েই আছে শঙ্কা। কেননা ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া ভিলার ঘাড়ে নিশ্বাস ফেলছে টেবিলের চারে ও পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। রেড ডেভিলদের ৪৮, চেলসি ও লিভারপুলের পয়েন্ট সমান ৪৫ করে। তিন দলই ভিলার চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। রোববার ক্রিস্টাল প্যালেসকে হারালেই ভিলাকে চারে নামিয়ে তিনে উঠে যাবে ম্যান ইউনাইটেড।
শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকতে পারলেও সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগে শেষ ষোলোয় ওঠা দলটিকে জিততে হবে শিরোপা। তাতে ৩০ বছর ধরে শিরোপা খরাও কাটবে ভিলা পার্কের ক্লাবটির।
শুক্রবার রাতে উলভসের সঙ্গে ম্যাচ শেষে ভিলার কোচ উনাই এমেরি বলেন, ‘প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সুযোগটা আমরা হারিয়ে ফেলছি। দুই মাস আগেও আমরা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই করছিলাম। কেউ কেউ, এমনকি আমিও বলেছি, ‘হয়ত পারব’ (শিরোপা জিততে)। সমর্থকেরাও সেই স্বপ্ন দেখছিলেন। কিন্তু এখন আর প্রিমিয়ার লিগের জন্য লড়াই করার অবস্থায় আমরা নেই। এতে অনেকেই হতাশ হতে পারে, আমিও হতে পারি, কারণ আমারও তো স্বপ্ন আছে।’
‘সেপ্টেম্বরে আমি দুশ্চিন্তায় ছিলাম, তখন লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগে টিকে থাকা। ডিসেম্বরে আমি খুব খুশি ও রোমাঞ্চিত ছিলাম— টপ ফাইভে উঠে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার সম্ভাবনায়। লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড— তারা সবাই আমাদের ধরতে চেষ্টা করছে। তাদের জন্য চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াই এখন প্রধান লক্ষ্য।’
যোগ করেন এমেরি।
প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার পরের ম্যাচ চেলসির বিপক্ষে। নিজেদের মাঠ ভিলা পার্কে ব্লুজদের বিপক্ষে ছন্দ ফিরে পায় কি না এমেরির দল সেটিই দেখার অপেক্ষা। ভিলা পার্কে যাওয়ার আগে আগামীকাল এমিরেটস স্টেডিয়ামে ব্লুজরা আতিথেয়তা নেবে আর্সেনালের।
















