গোপালগঞ্জে ইজিবাইকে বাসের চাপা; নারীসহ নিহত ৪, আহত ৩
- আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইকের মধ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ৩ জন। নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।
আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়ক উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের চাপায় একজন নিহত হন এবং অপর একজন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
তিনি জানান, মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় নুসরাত খাতুনকে (১৮) চিকিৎসা দেয়া হচ্ছে।
মো. রাসেল বলেন, ‘দুর্ঘটনাটির তদন্তকাজ চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


























