জয়ে ফিরল বায়ার্ন, লঁসকে টপকে শীর্ষে উঠল পিএসজি
- আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আগের দুটি লিগ ম্যাচের একটিতে ড্র, অন্যটিতে হার। তৃতীয় ম্যাচে তাদের সামনে শীর্ষ তিন দলের একটি। যদিও শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে শক্তি কমে যায় হোফেনহেইমের। এরপর আর তারা কোনো বাধা হতে পারেনি বায়ার্ন মিউনিখের জয়ে। হ্যারি কেইনের জোড়া গোলের পর হ্যাটট্রিক করেছেন লুইস দিয়াস। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাভারিয়ানরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে বুন্দেসলিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দুটি গোলে হ্যারি কেইন করলেও ম্যাচের সবগুলো গোলেই জড়িয়ে দিয়াসের নাম। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। আসরে পঞ্চম হারের পর ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হোফেনহেইম।
গত গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেন দিয়াস। জার্মান দলটির হয়ে রোববার রাতে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। বুন্দেসলিগায় ২০ ম্যাচে তাঁর মোট গোল হলো ১৩টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৮টি গোল করেন কলোম্বিয়ান তারকা। এছাড়া দলের ১২ গোলে সহায়তা করেছেন তিনি। এবারের বুন্দেসলিগায় ২০ ম্যাচে ২২ গোল করে শীর্ষে আছেন কেইন। তাঁর পরেই আছেন দিয়াস।
এদিকে, ফরাসি লিগ আঁ-তে এবার শিরোপার লড়াইটা লঁসের সঙ্গে জমে গেছে পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই)। একবার পিএসজি এগিয়ে যায় তো আবার লঁস। সর্বশেষ রাতের বড় জয়ে লঁসকে টপকে শীর্ষে উঠল প্যারিসিয়ানরা। ঘরের মাঠে পিএসজি হারিয়েছে অলিম্পিক মার্শেইকে।
লিগ আঁ-তে পার্ক দেস প্রিন্সেসে ৫-০ গোলের জয় পেয়েছে পিএসজি। প্রথমার্ধে উসমান দেম্বেলের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলের পর, পিএসজির শেষ দুটি গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন।
আগের দিন পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল লঁস। টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি। ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট এখন ৫১। সমান ম্যাচে ২ পয়েন্ট কম পেয়ে দুইয়ে লঁস। ৪২ পয়েন্ট নিয়ে তিনে লিওঁ। আর ৩৯ পয়েন্ট নিয়ে এই তালিকার চারে মার্শেই।






















