তিন সংস্করণে নিউ জিল্যান্ডের নতুন অধিনায়ক
- আপডেট সময় : ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নিউ জিল্যান্ড নারী ক্রিকেটে শুরু হলো নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো। তরুণ অলরাউন্ডার অ্যামেলিয়া কারকে সব সংস্করণের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেসি)।
২০২৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন সোফি ডিভাইন। এছাড়া টি-টোয়েন্টির অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন অভিজ্ঞ এই তারকা। ডিভাইনের জায়গায়ই নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যামেলিয়া।
অধিনায়ক হিসেবে অ্যামেলিয়ার প্রথম পরীক্ষা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ। চলতি মাসের শেষ দিকেই শুরু হবে এই লড়াই।
দায়িত্ব পাওয়ার পর দেওয়া এক বিবৃতিতে অ্যামেলিয়া বলেন, ‘অধিনায়কত্ব আমাকে বদলে দেবে না। আমি যেমন ছিলাম, তেমনই থাকব। দলকে নেতৃত্ব দিতে এবং দেশের জন্য সাফল্য আনতে সবটুকু দিয়ে চেষ্টা করব।’
এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন অ্যামেলিয়া।
২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত ৮৪ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন অ্যামেলিয়া। ওয়ানডেতে তার রান ২ হাজার ৩০৪, গড় ৪১.১৪ ও উইকেট নিয়েছেন ১০৬টি।
টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৫৩ রান করেছেন ১০৯.৭৪ স্ট্রাইক রেটে, সঙ্গে ৯৫ উইকেট নিয়েছেন মাত্র ৬.০৯ ইকোনমি রেটে।
ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বের সাফল্য চোখে পড়ার মতো। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে ওয়েলিংটন ব্লেজকে চ্যাম্পিয়ন করেছেন অ্যামেলিয়া।


























