নির্বাচনে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: বিজিবি মহাপরিচালক
- আপডেট সময় : ০৪:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি বরদাশত করা হবে না। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।
পরিদর্শনকালে বিজিবি প্রধান নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম বৃদ্ধি এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশজুড়ে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করবে বিজিবি।




















