নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক নির্বাচনী জনসভায় এ অভিযোগ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়া হবে। যেখানে ধর্ম-বর্ণ দিয়ে কাউকে বিচার করা হবে না, মানুষকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে।
সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মোট আটটি জনসভায় অংশ নেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে প্রথম জনসভায় যোগ দেন তিনি। এ সময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা বিএনপির কাণ্ডারিকে স্বাগত জানান।
জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অসহায় মানুষের চিকিৎসাসেবার জন্য সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বেকার সমস্যা নিরসনে নেওয়া হবে কার্যকর উদ্যোগ। ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সরকারিভাবে সম্মানী ভাতা দেওয়া হবে।
তিনি বলেন, সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য। যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশকে সঠিক পথে পরিচালনা করতে বিএনপির কোনো বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বনানীর জনসভা শেষে ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এরপর তিনি ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো খেলার মাঠ এবং ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত জনসভায় যোগ দেন।
বিভিন্ন সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতির কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও অঙ্গীকার করেন, বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।






















