পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। মহিমান্বিত এ মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ তৈরি হয়। তিনি উল্লেখ করেন, এই মাস মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।
ড. ইউনূস তার বাণীতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।
তিনি আরও উল্লেখ করেন, এই মাস সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও সততা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগবিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
বাণীর শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের ক্ষমা ও হেফাজত কামনা করেন।





















